নীলফামারীতে ২০৪ কলেজ শিক্ষার্থীর ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন :
তরুণদের শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার আহ্বান
এ কে খান :
কলেজপড়ুয়া তরুণ-তরুণীদের শৃঙ্খলা, দেশপ্রেম, নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি দক্ষ, দায়িত্বশীল ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীতে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর নীলফামারী জেলার তিনটি কলেজে ২০৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ১০ দিন মেয়াদি কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-প্রথম ধাপের উদ্বোধন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেন। প্রশিক্ষণে নীলফামারী সদর উপজেলার চাঁদেরহাট ডিগ্রি কলেজের ৭০ জন, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের ৭০ জন এবং কিশোরগঞ্জ উপজেলা সরকারি ডিগ্রি কলেজের ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে উপমহাপরিচালক প্রশিক্ষণের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা। একই সঙ্গে জননিরাপত্তা, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে আনসার ও ভিডিপির জনসম্পৃক্ততা আরও জোরদার করা। তিনি বলেন, আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। প্রশিক্ষণার্থীদের নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জনগণের কল্যাণ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, গ্রাম ও শহরাঞ্চলে সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার করে গড়ে তুলতে হবে। উপমহাপরিচালক বলেন, মেধা, শ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আনসার ও ভিডিপির সুশৃঙ্খল সদস্য হিসেবে নিজেদের দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। একটি মর্যাদাশীল ও সুদৃঢ় অবস্থানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রতিষ্ঠিত করতে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মতো যুগোপযোগী উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রশিক্ষণ কার্যক্রমে তরুণ-তরুণীদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি জননিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের ইতিবাচক অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমানসহ প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ও দক্ষতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনায় সমৃদ্ধ করে গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে ভবিষ্যতে জননিরাপত্তা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ আরও বাড়বে।
