সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পেশাজীবীদের আরও সক্রিয় হওয়ার তাগিদ – আরিফুল ইসলাম জিয়ার
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে ঢাকাসহ সারা দেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। তিনি বলেছেন, দেশের উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পেশাজীবীদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে সংগঠনকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে হবে। শনিবার ৩১ অক্টোবর রাজধানীর মতিঝিলে এনআরবি ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মী ও পেশাজীবীদের সৌজন্য সাক্ষাৎ, আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আরিফুল ইসলাম জিয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। এ ধারাবাহিকতা আরও বেগবান করতে হলে সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি জনকল্যাণ মূলক উদ্যোগ বাড়াতে হবে। তিনি আরও বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি তার নেতাকর্মীদের ঐক্য, দায়িত্ববোধ ও জনসম্পৃক্ততার মধ্যে নিহিত। তাই সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশের উন্নয়ন ও জনকল্যাণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সরকারের জনকল্যাণ মূলক উদ্যোগে সহযোগিতার পাশাপাশি মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। ঢাকার সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পেশাজীবীদের অংশগ্রহণ বাড়লে সংগঠনের জনসম্পৃক্ততাও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে।নতুন নেতৃত্ব তৈরি ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে সমন্বিত ভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্ব দেন। সংগঠনের সহসভাপতি খন্দকার সালাউদ্দিন রমি বলেন, সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিকল্প নেই। ঢাকার বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের একত্রিত করে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। পাশাপাশি মানুষের প্রয়োজন ও সামাজিক বাস্তবতাকে গুরুত্ব দিয়ে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া আরও বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পেশাজীবীদের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে হবে। ঢাকায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করতে পারলে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে জনকল্যাণ মূলক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে। সভায় ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতাকর্মী ও পেশাজীবীরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা আশা প্রকাশ করেন, সাংগঠনিক ঐক্য ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণে পেশাজীবী দলের কার্যক্রম আরও বিস্তৃত হবে। একই সঙ্গে নতুন কমিটি গঠন ও পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে সংগঠনের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা বাড়বে। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
