কাশিনাথপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় বিজ্ঞান স্কুলের পরিচালককে ছুরিকাঘাত, থানায় মামলা
ফেরদৌস তপন, নিজস্ব প্রতিবেদক |
কাশিনাথপুর, পাবনা, ১ নভেম্বর, ২০২৬ঃঃ পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের পরিচালক রেজাউল করিম রিজুকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। আজ সকাল ৯টার দিকে কাশিনাথপুরের নয়াবাড়ী গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ইতিমধ্যেই আমিনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের পরিচালক রেজাউল করিম রিজু দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কেনাবেচা ও যুবসমাজ ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আজ সকাল ৯ ঘটিকার সময় নয়াবাড়ী গ্রাম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী পিন্টু ও আনোয়ারের মাদক বিক্রয় ও অনৈতিক কর্মকাণ্ডের মুখোমুখি হন তিনি। রিজু এ সময় তাদের মাদক ব্যবসায় বাধা দেন এবং তীব্র প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী পিন্টু ও আনোয়ার দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে রেজাউল করিম রিজুর ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে লক্ষ্য করে উপুড়্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। রিজুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
আইনি পদক্ষেপ: এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিক সমাজ ও শিক্ষকমন্ডলী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার পরপরই পিন্টু ও আনোয়ারকে অভিযুক্ত করে আমিনপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আমিনপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষকের ওপর এমন হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
