ঢাকার উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়নে সুশৃঙ্খল কিট প্যারেড অনুষ্ঠিত
পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা অধিনায়কের
এ কে খান :
রাজধানী ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্যারেড গ্রাউন্ডে সুশৃঙ্খল পরিবেশে নিয়মিত কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার ১ নভেম্বর আয়োজিত এ প্যারেডে ব্যাটালিয়ন’র সদস্যদের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব পরিদর্শন করা হয়। প্যারেডে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল লতিফ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন’র সহ-অধিনায়ক ও পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) শাহেদা সুলতানা পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) রাজিব গাইন, সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার হাসান হাফিজুর রহমান, পিপিএম প্রমূখ। প্যারেড চলাকালিন ব্যাটালিয়নের সদস্যদের কিট সামগ্রী, বাহ্যিক প্রস্তুতি ও সার্বিক শৃঙ্খলা পরিদর্শন করা হয়। প্যারেড শেষে পরিদর্শকরা সদস্যদের প্রস্তুতি ও শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের আরও সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাহিনীর শৃঙ্খলা বজায় রাখা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত কিট প্যারেড পুলিশ সদস্যদের শৃঙ্খলা, প্রস্তুতি ও দায়িত্ব পালনের সক্ষমতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাহিনীর পেশাদারিত্ব ও কর্মদক্ষতা আরও সুদৃঢ় হয়।
