পাবনার উন্নয়ন প্রকল্প নিয়ে মাননীয় মন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত
এ কে খান, পাবনা ব্যুরো :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপির উপস্থিতিতে পাবনা জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ জুন দুপুরে পাবনা সার্কিট হাউসের কনফারেন্স রুমে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় জেলা প্রশাসন, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় জেলার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি, সম্ভাবনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময়ে পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ বেড়া-সুজানগর আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব এবং পাবনার পুলিশ সুপার মো.ছুফি উল্লাহ ও সরকারি কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় জেলার যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও সংস্কার, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, নৌ ও রেল যোগাযোগের সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নে গ্রহণযোগ্য বিভিন্ন পরিকল্পনা ও করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।সভায় বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে পাবনার যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন ও সড়ক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সভার সুপারিশ সমূহ বাস্তবায়িত হলে পাবনার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
পাবনার উন্নয়ন প্রকল্প নিয়ে মাননীয় মন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত
