‘শিক্ষালোক’ লেখক-শিল্পী সম্মিলন

শেয়ার করুন:

নিজস্ব প্রতিনিধি: তিন গুণী পেলেন শিক্ষালোক সম্মাননা শিক্ষা, সাহিত্য ও পাঠাগার আন্দোলনে বিশেষ অবদান রাখায় ‘শিক্ষালোক সম্মাননা’ পেলেন শিক্ষাবিদ শহিদুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক সৈকত হাবিব এবং সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার খান।

শুক্রবার (১৯ জুন) ঢাকার শ্যামলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিদীপ কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিক্ষালোক’ লেখক-শিল্পী সম্মিলনে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সিদীপ-এর শিক্ষা বিষয়ক ত্রৈমাসিক বুলেটিন ‘শিক্ষালোক’র যুগ পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ব্রিটিশ আমলে প্রবর্তিত চলমান শিক্ষাব্যবস্থাকে ধীর গতিতে পরিবর্তন করতে হবে, এগুলো রাতারাতি পরিবর্তন করা যায় না। আমাদের শিক্ষাকে বিশ্বমানের করার জন্য সরকার ও নীতিনির্ধারকদের যথাযথ উদ্যোগ নিতে হবে।

অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, শিক্ষালোকের এই সম্মাননা পেয়ে আমি আনন্দিত, কেননা তাদের উদ্যোগের মাঝে আন্তরিক ভালবাসা আছে ।

কবি সৈকত হাবিব ও পাঠাগার সংগঠক আবদুস ছাত্তার খান শিক্ষালোকের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

এর পূর্বে সকালের অধিবেশনে ‘শিশুর শিক্ষা অধিকার: নীতি, শিক্ষা প্রশাসন ও অভিভাবকত্ব’ শীর্ষক ‘শিক্ষালোক বক্তৃতা’য় ইউল্যাবের খণ্ডকালীন শিক্ষক খান মো. রবিউল আলম বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় কমিউনিটি অংশগ্রহণ কমে গেছে ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বৃদ্ধি পাচ্ছে, ফলে শিক্ষার মানে নেতিবাচক প্রভাব পড়ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষালোকের সম্পাদক ফজলুল বারি ও অনুষ্ঠানটি সঞ্চালন করেন নির্বাহী সম্পাদক আলমগীর খান।

শিক্ষালোকের প্রধান সম্পাদক ও সিদীপের নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা বলেন, শিক্ষালোকের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সবশেষে সার্বিক সহযোগিতার জন্য সভাপতি সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন: