সিলেট রেঞ্জ কমান্ডারের সুনামগঞ্জ জেলা সফর ও কার্যক্রম পরিদর্শন।
এ কে খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম, এনডিসি সুনামগঞ্জ জেলা সফর করেন। মঙ্গলবার ৩ নভেম্বর তিনি এ জেলা সফর করেন। সফরকালে তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক শহীদ স্মৃতি কলেজে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে একটি বিশেষ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। সেশনে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচিতি, ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।পরবর্তীতে তিনি শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আনসার গার্ড ও সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ মেডিকেল কলেজের আনসার গার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।এছাড়া তিনি জেলা কার্যালয়ের রিটেইনিং ওয়ালের নির্মাণকাজ পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান ও যথাযথ বাস্তবায়ন’র বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সফরের শেষ পর্যায়ে তিনি জেলা কার্যালয়ের বিভিন্ন স্থাপনা, সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ও সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তার সফরে নানা দিকনির্দেশনায় জেলা ইউনিটের প্রশিক্ষণ, প্রশাসনিক কার্যক্রম ও সদস্যদের দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
