টাঙ্গাইলে বুরো বাংলাদেশের কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র ভাইস চেয়ারম্যান

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ'র ভাইস চেয়ারম্যান
শেয়ার করুন:

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র ভাইস চেয়ারম্যান
এ কে খান :
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন টাঙ্গাইলে বুরো বাংলাদেশের শাখা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। মঙ্গলবার ২৩ জুন অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি বুরো বাংলাদেশের টাঙ্গাইল শাখা কার্যালয়, বুরো হাসপাতাল, বুরো হেলথকেয়ার ফাউন্ডেশন এবং বুরো নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক (লাইসেন্স, রেগুলেশন, পলিসি ও ল’ বিভাগ) মোহাম্মদ আবদুল মান্নান এবং উপপরিচালক (পিএস টু ইভিসি) সৈয়দ আশিক ইমতিয়াজ। বুরো বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন, পরিচালক (বিশেষ কর্মসূচি) মো. সিরাজুল ইসলাম, উপপরিচালকসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনের শুরুতে টাঙ্গাইল অঞ্চলের পাঁচটি শাখার মাঠপর্যায়ের পরিচালনাগত কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় শাখাগুলোর সার্বিক কার্যক্রমের পাশাপাশি বুরো বাংলাদেশের কমিউনিটি স্বাস্থ্যসেবা প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। পরিদর্শন শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান।
পরে তিনি বুরো হেলথকেয়ার ফাউন্ডেশন পরিদর্শন করেন। এ সময় বুরো হাসপাতালের পরিচালক রাহেলা জাকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের এনআইসিইউ (NICU)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ করেন। অন্যদিকে এমআরএ’র পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান এবং উপপরিচালক সৈয়দ আশিক ইমতিয়াজ বুরো নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন করেন। তারা ইনস্টিটিউটের আধুনিক ল্যাবরেটরিগুলো ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষকদের সঙ্গে নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পরিদর্শন শেষে বুরো বাংলাদেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমের উদ্বৃত্ত তহবিল থেকে পরিচালিত স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের অগ্রগতি, প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা জানান, ক্ষুদ্রঋণের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে বুরো বাংলাদেশের বহুমুখী উদ্যোগ দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমআরএ’র এ পরিদর্শন কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন: