রাজশাহী রেঞ্জ ডিআইজি’র পাবনা জেলা রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।
এ কে খান, পাবনা ব্যুরো :
বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়নে মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে পাবনা জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ শাহজাহান। বুধবার ২৪ জুন তিনি পাবনা জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করেন এবং পরে পুলিশ সদস্যদের নিয়ে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
পরিদর্শনের শুরুতে পাবনা পুলিশ লাইনস মাঠে আয়োজিত সুসজ্জিত প্যারেডে ডিআইজি অভিবাদন গ্রহণ করেন। এ সময় পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ-এর পক্ষে গার্ড অব অনার প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান। পরে ডিআইজি জেলা রিজার্ভ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র, অস্ত্রাগার, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাব দিহিতা ও দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ শাহজাহান বলেন, বাংলাদেশ পুলিশ এখন একটি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে প্রতিটি সদস্যকে সততা, ন্যায়, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই সেবাপ্রত্যাশী মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে এবং আইন প্রয়োগের পাশাপাশি জনসেবাকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা নেতৃত্বের অন্যতম প্রধান দায়িত্ব। একটি সন্তুষ্ট ও কর্মউদ্দীপনাময় পুলিশ বাহিনীই জনগণকে সর্বোচ্চ সেবা দিতে সক্ষম। সদস্যদের যেকোনো যৌক্তিক সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক হতে হবে। সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, পাবনা জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দক্ষ, মানবিক ও পেশাদার হিসেবে গড়ে তুলতে আমরা নিরবচ্ছিন্ন ভাবে কাজ করছি। রেঞ্জ ডিআইজি’র দিকনির্দেশনা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে। তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ, আবাসন, চিকিৎসা ও পেশাগত উন্নয়নের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাহিনীর সদস্যদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি পেলে জনগণও উন্নত সেবা লাভ করবে। কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। ডিআইজি সেগুলো মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, সততা ও জনমুখী সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
রাজশাহী রেঞ্জ ডিআইজি’র পাবনা জেলা রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
