শেয়ার করুন:
বগুড়ায় সামাজিক নিরীক্ষা প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর
আঃ খালেক খান :
            জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে বগুড়ায় পরিচালিত সামাজিক নিরীক্ষা প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ নভেম্বর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর যৌথ উদ্যোগে পরিচালিত এ সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমানের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
সিপিডির ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ কর্মসূচির আওতায় গাকের সহযোগিতায় বগুড়া জেলার চারটি উপজেলায় এ সামাজিক নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল সামাজিক সুরক্ষা কর্মসূচি, স্বাস্থ্যসেবা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সেবাপ্রাপ্তির বাস্তব চিত্র তুলে ধরা।
উল্লেখ্য গত ১১ মে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জনগণের অংশ গ্রহণে টেকসই উন্নয়ন: প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা বিষয়ে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিলো। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
ওই সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, নাগরিক দলের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের অংশীজন অংশগ্রহণ করেন। সভায় সামাজিক নিরীক্ষার ফলাফল, পর্যবেক্ষণ, বিদ্যমান সমস্যা ও উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অংশ গ্রহণকারীদের মতামত, পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ পর্যালোচনা ও সংকলনের মাধ্যমে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা প্রস্তুত করা হয়। পরবর্তী সময়ে তা জেলা প্রশাসকের কাছে উপস্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিবেচনার জন্য হস্তান্তর করা হয়।
প্রতিবেদন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গাকের প্রকল্প ফোকাল ও সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, মাঠ সমন্বয়কারী মোঃ রাইসুল ইসলামসহ গাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সামাজিক নিরীক্ষার ফলাফল ও সুপারিশমালা বগুড়া জেলার সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি সেবা আরও সহজলভ্য, কার্যকর ও অন্তর্ভুক্তি মূলক করতে সহায়ক হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাব দিহিতার ভিত্তিতে স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে সিপিডি ও গাকের এই যৌথ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।
শেয়ার করুন: