-মোঃ নজরুল ইসলাম খান (বাবু)
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল আমাদের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম নিয়ে নতুন করে ভাবার অবকাশ তৈরি করেছে। প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা কিংবা উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি নিছক ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি আমাদের সামগ্রিক শিক্ষাব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—এই ফলাফলের দায় কি শুধু শিক্ষার্থীদের, নাকি শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা প্রশাসনেরও এখানে দায় রয়েছে?
প্রকৃতপক্ষে একটি পরীক্ষার ফলাফল কেবল শিক্ষার্থীর মেধা ও পরিশ্রমের প্রতিফলন নয়; এর সঙ্গে যুক্ত থাকে শিক্ষাদানের মান, পারিবারিক পরিবেশ, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, মূল্যায়ন পদ্ধতি এবং সামগ্রিক শিক্ষানীতির কার্যকারিতা। তাই কাউকে এককভাবে দায়ী না করে বিষয়টির বহুমাত্রিক বিশ্লেষণ জরুরি।
শিক্ষক কেবল পাঠদানকারী নন; তিনি শিক্ষার্থীর চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনের অন্যতম প্রধান কারিগর। নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা, বিষয়ভিত্তিক দুর্বলতা শনাক্ত করা, মানসম্মত পাঠদান, কার্যকর পরীক্ষা গ্রহণ এবং যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা একজন শিক্ষকের মৌলিক দায়িত্ব। শিক্ষার্থীরা কোন বিষয়ে দুর্বল, কেন পাঠ বুঝতে পারছে না এবং কীভাবে তাদের শেখার সক্ষমতা বাড়ানো সম্ভব—এসব বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। শুধু সিলেবাস শেষ করাই শিক্ষকের সাফল্য নয়; শিক্ষার্থীরা কতটা শিখল এবং অর্জিত জ্ঞান কতটা প্রয়োগ করতে পারল, সেটিই হওয়া উচিত শিক্ষকের সাফল্যের প্রকৃত মাপকাঠি। তবে শিক্ষকদের দায়বদ্ধতার কথা বলার পাশাপাশি তাঁদের বাস্তব কর্মপরিবেশও বিবেচনায় নিতে হবে। অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর আধিক্য, প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাব এবং পর্যাপ্ত প্রশিক্ষণের সীমাবদ্ধতা অনেক ক্ষেত্রে মানসম্মত পাঠদানের অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই শিক্ষকের জবাবদিহির পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও জরুরি।
অন্যদিকে, শিক্ষার্থীদের একটি অংশের অনিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় অমনোযোগ, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয়, পরীক্ষার আগে হঠাৎ প্রস্তুতি নেওয়া এবং মুখস্থনির্ভর শিক্ষার ওপর অতিরিক্ত নির্ভরতা তাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। এইচএসসি পরীক্ষা কোনো এক দিনের প্রস্তুতির ফল নয়; এটি দুই বছরের ধারাবাহিক অধ্যয়ন, অনুশীলন ও আত্মমূল্যায়নের পরিণতি। নিয়মিত পড়াশোনা, শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ এবং নিজের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার বিকল্প নেই। শিক্ষক পথ দেখাতে পারেন, অভিভাবক সহযোগিতা করতে পারেন, শিক্ষাপ্রতিষ্ঠান অনুকূল পরিবেশ তৈরি করতে পারে; কিন্তু নিজের ভবিষ্যৎ গড়ে তোলার প্রাথমিক দায়িত্ব শিক্ষার্থীর নিজের।
এ সত্যটি শিক্ষার্থীদের উপলব্ধি করতে হবে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু শিক্ষার্থী ভর্তি, অবকাঠামো কিংবা জিপিএ-৫ অর্জনের সংখ্যার ওপর নির্ভর করে না। প্রকৃত সাফল্য নির্ভর করে শিক্ষার্থীরা কতটা শিখছে, তাদের জ্ঞান ও দক্ষতা কতটা বিকশিত হচ্ছে এবং ভবিষ্যৎ জীবনের জন্য তারা কতটা প্রস্তুত হচ্ছে তার ওপর। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস পরিচালনা, কার্যকর একাডেমিক মনিটরিং, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক ক্লাস, বিষয়ভিত্তিক শিক্ষক মূল্যায়ন ও প্রশিক্ষণ, শিক্ষক-অভিভাবক মতবিনিময়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার কাউন্সেলিং এবং পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শুধু ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে গর্ব করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যারা পিছিয়ে আছে, তাদের এগিয়ে নেওয়াই হওয়া উচিত একটি প্রতিষ্ঠানের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য বোঝা যায় তার দুর্বল শিক্ষার্থীদের কতটা উন্নতি ঘটাতে পেরেছে, তা দিয়ে।
আমাদের শিক্ষাব্যবস্থা এখনো অনেকাংশে পরীক্ষার ফলাফল, মুখস্থবিদ্যা ও সনদনির্ভর। অথচ আধুনিক বিশ্বে প্রয়োজন সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, বিশ্লেষণী চিন্তা, প্রযুক্তিগত জ্ঞান, ভাষাগত দক্ষতা এবং বাস্তবমুখী কর্মক্ষমতা। বিশেষ করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। প্রযুক্তিনির্ভর বিশ্বায়নের এই যুগে আইসিটি বিষয়ে পিছিয়ে থাকা মানে ভবিষ্যতের অসংখ্য সম্ভাবনা ও সুযোগ থেকে পিছিয়ে পড়া। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, বাস্তবভিত্তিক ও হাতে-কলমে শেখার সুযোগ সম্প্রসারণ, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার, প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন এবং শিক্ষার্থীর আগ্রহ ও যোগ্যতার ভিত্তিতে বিষয় নির্বাচনের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার সঙ্গে শ্রমবাজার ও কর্মসংস্থানের বাস্তব চাহিদার সমন্বয় ঘটানো জরুরি। শিক্ষার লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়; বরং বাস্তব জীবনে জ্ঞান ও দক্ষতার সফল প্রয়োগ নিশ্চিত করা।
এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো উচ্চশিক্ষার বিষয় নির্বাচন। দুর্ভাগ্যজনকভাবে অনেক শিক্ষার্থী বিষয় নির্বাচন করে অন্যের দেখাদেখি, সামাজিক মর্যাদা কিংবা কোনো নির্দিষ্ট বিষয়ের জনপ্রিয়তা বিবেচনা করে। কিন্তু ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ, ব্যক্তিগত আগ্রহ ও নিজস্ব যোগ্যতা সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা থাকে না। মনে রাখতে হবে, কোনো একটি বিষয় জনপ্রিয় হলেই সেটি সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। উচ্চশিক্ষায় বিষয় নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহ, মেধা, দক্ষতা, ভবিষ্যৎ শ্রমবাজার, প্রযুক্তির পরিবর্তন এবং পেশাগত সম্ভাবনা বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি। শুধু একটি নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি অর্জন করলেই উচ্চ বেতন কিংবা নিশ্চিত কর্মসংস্থান পাওয়া যায় না। এর সঙ্গে প্রয়োজন ব্যবহারিক দক্ষতা, অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় যোগাযোগের সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মান। আবার কিছু পেশায় প্রবেশের জন্য নির্দিষ্ট স্বীকৃতি, পেশাগত লাইসেন্স কিংবা অতিরিক্ত প্রশিক্ষণের প্রয়োজন হয়। তাই উচ্চশিক্ষার বিষয় নির্বাচনের আগে শিক্ষার্থীদের উচিত সংশ্লিষ্ট বিষয়ের পাঠ্যক্রম, কর্মক্ষেত্র, উচ্চশিক্ষার সুযোগ এবং ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনা সম্পর্কে যথাযথ ধারণা নেওয়া। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্যকর ক্যারিয়ার কাউন্সেলিং চালু করা সময়ের দাবি।
যারা ভালো ফলাফল অর্জন করেছে, তাদের জানাই আন্তরিক অভিনন্দন। তবে মনে রাখতে হবে, ভালো ফলাফলই জীবনের চূড়ান্ত সাফল্য নয়। বরং এখন থেকেই প্রয়োজন সঠিক বিষয় নির্বাচন, দক্ষতা অর্জন এবং উচ্চশিক্ষার জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ। অন্যদিকে যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি কিংবা অকৃতকার্য হয়েছে, তাদের উদ্দেশে বলতে চাই—একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের শেষ কথা নয়। সাময়িক ব্যর্থতা মানেই জীবনের ব্যর্থতা নয়। হতাশ না হয়ে নিজের ভুল ও দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে, নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে আবার প্রস্তুতি শুরু করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের অন্যের সঙ্গে তুলনা করা, পরীক্ষার ফলাফল নিয়ে অপমান করা কিংবা মানসিক চাপে রাখা কোনোভাবেই কাম্য নয়। বরং তাদের সক্ষমতা, আগ্রহ, মানসিক অবস্থা ও ব্যক্তিগত সীমাবদ্ধতাকে গুরুত্ব দিয়ে পাশে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, প্রতিটি শিশুর মেধা ও বিকাশের ধরন এক নয়।
এইচএসসি পরীক্ষার ফলাফলকে শুধু সাফল্য ও ব্যর্থতার পরিসংখ্যান হিসেবে দেখলে চলবে না। এ ফলাফল থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি এবং শিক্ষা প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও আত্মমূল্যায়নে অভ্যস্ত করতে হবে। শিক্ষকদের পাঠদানের মান ও পেশাগত দক্ষতা বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় এনে কার্যকর একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রশাসনকে বাস্তবসম্মত নীতি প্রণয়ন, প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষা উপকরণ সরবরাহ এবং মানসম্মত মূল্যায়নব্যবস্থা প্রতিষ্ঠায় উদ্যোগী হতে হবে। শিক্ষার উদ্দেশ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়; বরং একজন দক্ষ, মানবিক, সৃজনশীল, দায়িত্বশীল ও কর্মক্ষম নাগরিক তৈরি করা। এ লক্ষ্য অর্জনে আমাদের দৃষ্টিভঙ্গি ও শিক্ষাব্যবস্থার কাঠামোগত পরিবর্তন অপরিহার্য।
একজন শিক্ষার্থীর ব্যর্থতা সব সময় তার একার ব্যর্থতা নয়; অনেক ক্ষেত্রে তা পারিবারিক, প্রাতিষ্ঠানিক এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতারও প্রতিফলন। তাই ফলাফল খারাপ হলেই শিক্ষার্থীকে এককভাবে দায়ী করা কিংবা শিক্ষকদের ওপর সব দায় চাপিয়ে দেওয়া কোনো সমাধান নয়। প্রয়োজন নির্মোহ আত্মসমালোচনা, পারস্পরিক দায়বদ্ধতা এবং কার্যকর উদ্যোগ। আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু সনদধারী শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা নয়; বরং দক্ষ, সৃজনশীল, কর্মমুখী ও বিশ্বমানের মানবসম্পদ গড়ে তোলা। কারণ আজকের সঠিক শিক্ষা, যথাযথ দক্ষতা অর্জন এবং বাস্তবসম্মত বিষয় নির্বাচনই আগামী দিনের কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় অগ্রগতির ভিত্তি নির্মাণ করবে।
মোঃ নজরুল ইসলাম খান (বাবু)
অধ্যক্ষ, মাশুন্দিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজ, আমিনপুর, বেড়া, পাবনা।
