শেরপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত: জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ
শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা আয়োজিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় জানানো হয়, বিগত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে মোট ২ হাজার ৮২টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৯৬.৪৯ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। এই সময়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে ৪ কোটি ৯২ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসনীয়।” তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একটি বাসযোগ্য সমাজ গড়তে প্রশাসন গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে কাজ করে যাবে।
