সুজানগর (পাবনা) প্রতিনিধি:
পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দিস্থ নপম গণগ্রন্থাগারে নপম ফাউন্ডেশনের নিবন্ধন-পরবর্তী প্রথম বর্ধিত সাধারণ সভা ও নির্বাহী পরিষদ নির্বাচন উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়নবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক আখতার জামান। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট নুরুজ্জামান মুন্সী এবং শিক্ষক-গবেষক আলাউল হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আজাদ হোসেন ও রুপা খাতুন।
সভার শুরুতে অনলাইনে যুক্ত হয়ে ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি জারিন তাসনিম সংগঠনের চলমান কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। তিনি শিক্ষা, সংস্কৃতি, গ্রন্থাগার উন্নয়ন, যুব দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।
পরে নপম ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা রুবেল বিশ্বাস সংগঠন প্রতিষ্ঠার পটভূমি, প্রাথমিক চ্যালেঞ্জ এবং প্রতিষ্ঠাকালীন সময়ের নানা স্মৃতিচারণ করে বলেন, একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যে নিষ্ঠা ও আত্মত্যাগ প্রয়োজন, নপম ফাউন্ডেশনের সদস্যরা তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রেজাউল করিম শেখ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, শিক্ষা, সাংস্কৃতিক বিকাশ, প্রযুক্তি প্রশিক্ষণ, গ্রন্থাগার সম্প্রসারণ এবং সামাজিক উদ্যোগভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবে নপম ফাউন্ডেশন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আখতার জামান বলেন, “যে কোনো সামাজিক প্রতিষ্ঠানের শক্তি তার আদর্শ, সুশাসন ও মানবসম্পদ। নপম ফাউন্ডেশন তার মূল মূল্যবোধ ধারণ করে এগিয়ে গেলে এটি দেশের একটি অনুকরণীয় সামাজিক উন্নয়ন সংস্থায় পরিণত হতে পারবে।” তিনি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।
বিশেষ অতিথি অ্যাডভোকেট নুরুজ্জামান মুন্সী সংগঠনের আইনি কাঠামো, সুশাসন ও আর্থিক স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষক ও গবেষক আলাউল হোসেন জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগার, গবেষণা, সাংস্কৃতিক চর্চা ও প্রযুক্তি শিক্ষার সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন।
আলোচনা শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য রেজাউল করিম শেখ চেয়ারম্যান, আকরাম হোসাইন ভাইস চেয়ারম্যান, জারিন তাসনিম জেনারেল সেক্রেটারি এবং আরাফাত রহমান ট্রেজারার নির্বাচিত হন। এছাড়া আলোচনার মাধ্যমে ইসমাঈল হোসেন প্রামাণিক, সমতা হাজরা ও তুষার মাহমুদকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সভায় উপস্থিত অতিথিরা নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিশেষে প্রধান নির্বাচন কমিশনার মো. আতাউর রহমান নপম ফাউন্ডেশনকে একটি মানবিক, জ্ঞানভিত্তিক ও টেকসই উন্নয়নমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
