বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে শহীদ আব্দুল জব্বার ‘ল’ স্কুল উদ্বোধন
এ কে খান :
ভাষা আন্দোলনের অন্যতম শহীদ আব্দুল জব্বারের স্মৃতিকে ধারণ ও আইন শিক্ষার প্রসারে বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র স্বাস্থ্য শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রস্তাবিত ‘শহীদ আব্দুল জব্বার ল’ স্কুল’-এর কক্ষ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৬ জুন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০ তলা ভবনের ১২ তলায় আয়োজিত এক অনুষ্ঠানে কক্ষটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ল’ স্কুলের কক্ষ উদ্বোধন করেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান, সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুল রহমান। উদ্বোধন শেষে কক্ষের সামনে স্থাপিত ভাষা শহীদ আব্দুল জব্বারের প্রতিকৃতি উন্মোচন করা হয়। একই সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রণীত সকল আইন সংবলিত বাংলাদেশ কোডের ৪৭ খণ্ড গ্রন্থ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়’র উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র-এর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আব্দুল জব্বারের নামে প্রতিষ্ঠিত এই ল’ স্কুল আইন শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি শিক্ষার্থীরা দেশের আইন, সংবিধান ও বিচারব্যবস্থা সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এ সময় শহীদ আব্দুল জব্বারের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, শহীদ আব্দুল জব্বারের আদর্শ ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করে এই ল’ স্কুল দেশের জন্য দক্ষ, ন্যায়নিষ্ঠ ও মানবিক আইনজীবী এবং আইনবিদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
