এ কে খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের গতিশীল নেতৃত্ব ও দিক নির্দেশনায় সারা দেশব্যাপী পরিচালিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলার সকল উপজেলায় একযোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে বগুড়া সদরসহ জেলার সর্বমোট ১৩টি উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। সংগঠনের কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আয়োজিত এই কর্মসূচিতে আনসার ও ভিডিপি’র সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে বগুড়া জেলা জুড়ে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির সর্বমোট ৫০০টি বৃক্ষের চারা রোপণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র বগুড়া জেলা কমান্ড্যান্ট মো: গোলাম মৌলাহ্ তুহিন, পিভিএম।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো: গোলাম মৌলাহ্ তুহিন বলেন, “পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি উপস্থিত সদস্য ও স্থানীয় সকলকে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর এবং তা রক্ষণাবেক্ষণে আন্তরিক হওয়ার আহ্বান জানান। কর্মসূচিজুড়ে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং রোপণকৃত চারার যথাযথ পরিচর্যার বিষয়ে আনসার ও ভিডিপির সঞ্জীবনের প্লাটুনভুক্ত সদস্যদের উদ্বুদ্ধ করা হয়। বগুড়ার ১৩টি উপজেলায় একযোগে আয়োজিত এই অভিযানে আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারী, সাধারণ সদস্য ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পুরো বৃক্ষরোপণ অভিযানটি অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
