বগুড়ায় ঈদ আনন্দে টিএমএসএস বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়, জনসাধারণের আকর্ষণ ক্যাবল কার

শেয়ার করুন:

বগুড়ায় ঈদ আনন্দে টিএমএসএস বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়, জনসাধারণের আকর্ষণ ক্যাবল কার
এ কে খান :
ঈদুল ফিতরের নামাজ পরবর্তী ও পারিবারিক সময় কাটানোর পর বিনোদনের খোঁজে ঘর থেকে বের হচ্ছেন বগুড়া জেলার নানা শ্রেণি পেশার মানুষগুলো। ঈদের দ্বিতীয় দিনে জেলার বিভিন্ন পার্ক, রিসোর্ট ও দর্শনীয় স্থানে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে এসব স্থানে ভিড় জমিয়েছেন হাজারো দর্শনার্থীরা। বগুড়া জেলার অন্যতম দর্শনীয় স্থান মহাস্থানগড়, টিএমএসএস বিনোদন জগতের মম-ইন ইকো পার্ক এন্ড রিসোর্ট, কালিতলা গ্রোয়েনবাঁধ ও বগুড়া গ্রীন রিসোর্টে সারাদিন দর্শনার্থীদের ঢল নামে। বিশেষ করে দেশের বিশিষ্ট সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও আধুনিক  টিএমএসএস’র প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ড হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর আওতাধীন পরিচালিত মম-ইন ইকো পার্ক উত্তরবঙ্গের প্রধান ও আকর্শনীয় বিনোদন কেন্দ্র।এবছর ঈদের দিন প্রথম ক্যাবল কার চালু হওয়ায় এটি দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। ঈদ উপলক্ষে এখানে ডিজে শোসহ বিভিন্ন রাইডের ব্যবস্থাও রাখা হয়েছে। অপর দিকে ঐতিহাসিক মহাস্থানগড় ও সারিয়াকান্দি এলাকায় মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। দর্শনার্থীদের চাপ সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঈদের ছুটিতে বগুড়ার পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কোথাও ছবি তোলা, কোথাও আড্ডা কিংবা নিছক সময় কাটানো সব মিলিয়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। কর্মব্যস্ত জীবনের বাইরে ঈদের ছুটিতে স্বস্তি ও আনন্দ খুঁজে নিতে মানুষের এই ভিড়। সারিয়াকান্দির যমুনা নদী তীরবর্তী কালিতলা হার্ড পয়েন্ট ও নদীর ঘাট এলাকাতেও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। নৌকা ভ্রমণ, নদীর সৌন্দর্য উপভোগ ও নাগরদোলাসহ বিভিন্ন বিনোদন উপকরণ দর্শনার্থীদের আকৃষ্ট করছে। বগুড়া সদর উপজেলার বাসিন্দা জনৈক ব্যক্তি পরিবার নিয়ে ঘুরতে এসে জানান, ঈদের দীর্ঘ ছুটি কাজে লাগিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে যমুনা নদীতে নৌভ্রমণ করেছেন। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে পেরে তারা আনন্দিত।
এদিকে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরেও দর্শনার্থীদের ভিড় লক্ষ্যনীয়। এখানে প্রাচীন পুন্ড্রনগরের নিদর্শন ও শোকেসে প্রদর্শিত হচ্ছে। ঈদের ছুটিতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে জাদুঘরটি। মম-ইন পার্ক এন্ড রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে নতুন সংযোজন ক্যাবল কারে প্রায় ৪০ মিনিটের রাউন্ড ট্রিপের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে একসঙ্গে চারজন করে দর্শনার্থী বসে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এছাড়া শহরের খান্দার এলাকার ওয়ান্ডার ল্যান্ড, সাবগ্রাম ছাতিয়ানতলার গ্রীন রিসোর্ট, আদমদীঘির সান্তাহারের শখের পল্লী বিভিন্ন স্থানে ও যমুনা নদীর তীরজুড়ে গড়ে ওঠা অন্তত ২০টি অস্থায়ী বিনোদনকেন্দ্রেও মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামগ্রিক ভাবে, ঈদের ছুটিতে বগুড়া জুড়ে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের এই উপচে পড়া ভিড় ঈদ আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মম-ইন বিনোদন জগতে এ ঈদে ক্যাবল কার চালু হওয়ায় সাধারণ মানুষ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। এ সময় গুলোতে সারাদিন ব্যাপী নানা শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন চাকুরিজীবি ও তাদের পরিবার, পরিজন, এনজিও কর্মী, এলাকার হাজার হাজার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: