বেড়ায় বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়ায় সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলার চর সাফুল্লা গ্রামে বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তোতা মিয়া (৬০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, প্রায় ১৮ মাস আগে চর সাফুল্লা গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পরে শফিকুল থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
আজ শুক্রবার (৭ জানুয়ারি) সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতরা হলেন, আব্দুল আজিজ, রুসনাই, জিয়া ব্যাপারী, বাছির উদ্দিন, মজিবর রহমান, আরিফ ও রমজান। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ খবর লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন: