পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়ন জোরদার করার লক্ষ্যে পাবনার চাটমোহরে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাবনা জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আনসার ও ভিডিপি বাহিনী কেবল দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করছে না, বরং পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও নিরলস ভূমিকা রেখে চলেছে। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মতো যেসব প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে, তা থেকে দেশ ও প্রকৃতিকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা.নাসরিন সুলতানা, ফরিদপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. তাজিনুর ইসলাম ও চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী ও ভিডিপি সদস্য প্রমূখ। উদ্বোধন শেষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের নির্ধারিত স্থানে আনসার ভিডিপি’র পাবনা জেলা কমান্ড্যান্ট মোঃ মাহাবুবুর রহমান নানা প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণ করেন।পরিবেশ সুরক্ষায় বাহিনীর এমন সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
পাবনার চাটমোহরে আনসার ভিডিপি’র বৃক্ষ রোপণ কর্মসূচি
