রংপুরে আনসার-ভিডিপির কলেজভিত্তিক ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

রংপুরে আনসার-ভিডিপির কলেজভিত্তিক ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
শেয়ার করুন:
রংপুরে আনসার-ভিডিপির কলেজভিত্তিক ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

এ কে খান :

তৃণমূল পর্যায়ে দক্ষ, সুশৃঙ্খল ও আত্মনির্ভরশীল জনবল গড়ে তোলার লক্ষ্যে রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)-২০২৬-এর প্রথম ধাপের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে বদরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ২১ জন নারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, পিভিএমএস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ নাছিমুল ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের গুরুত্ব, বাহিনীর শৃঙ্খলা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের গৃহীত মেগা প্রকল্প ‘সঞ্জীবন প্রকল্প’ সম্পর্কে বাস্তবধর্মী উদাহরণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত ধারণা দেন। একই সঙ্গে প্রকল্পটির উদ্দেশ্য, কার্যকারিতা ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম বাহিনীর চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি STDMS, AVMIS ও TRGMS সফটওয়্যারের ব্যবহার, কার্যক্রম ও গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন।
অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। তাঁরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ একজন ভিডিপি সদস্যকে দক্ষ ও সুশৃঙ্খল করে গড়ে তোলার পাশাপাশি আত্মনির্ভরশীলতা, সামাজিক দায়িত্ববোধ এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার সক্ষমতা বৃদ্ধি করে।
উল্লেখ্য, আগামী ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মৌলিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে বাহিনীর কার্যক্রমে আরও দক্ষ ও দায়িত্বশীল জনবল তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভিডিপি সদস্যদের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
উৎসাহ-উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুন: