হরমুজ প্রণালী বন্ধ: তেল সংকটে বিশ্ব, যুদ্ধ থামাতে ট্রাম্পের ওপর চাপ

শেয়ার করুন:

হরমুজ প্রণালী বন্ধ: তেল সংকটে বিশ্ব, যুদ্ধ থামাতে ট্রাম্পের ওপর চাপ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। ধারণা করা হয়, বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করে।

তেল সরবরাহে ব্যাঘাত ঘটায় বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে তেলের মজুদ দ্রুত কমে আসছে। এ পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প-এর ওপর যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য চাপ সৃষ্টি করেছেন।

বিশ্বের আরও কয়েকটি দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওয়াশিংটনের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসন তেলের সরবরাহ নিশ্চিত করতে বিকল্প উপায়ের কথা বলছে, তবুও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত বাড়ছে।

এদিকে সংঘাত নিরসনের জন্য ট্রাম্প কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন। গতকাল তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা করেছেন। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট  ইমানুয়েল মাখোঁ সহ ইউরোপ ও এশিয়ার কয়েকজন নেতার সঙ্গেও যোগাযোগ করেছেন বলে জানা গেছে।

তবে তেহরান এখনো যুদ্ধ বন্ধের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। ইরানের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, এই যুদ্ধ তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এর পরিণতি তারা নিজেরাই নির্ধারণ করবে।

বিশ্লেষকদের মতে, যদি এই পরিস্থিতি আরও কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

শেয়ার করুন: