রাজশাহীতে উদ্যোক্তা মেলার সমাপনী : ৬০টি স্টলে দেশীয় পণ্যের প্রদর্শনী, বিক্রি ও উদ্যোক্তাদের সম্মাননা

রাজশাহীতে উদ্যোক্তা মেলার সমাপনী : ৬০টি স্টলে দেশীয় পণ্যের প্রদর্শনী, বিক্রি ও উদ্যোক্তাদের সম্মাননা
শেয়ার করুন:
রাজশাহীতে উদ্যোক্তা মেলার সমাপনী : ৬০টি স্টলে দেশীয় পণ্যের প্রদর্শনী, বিক্রি ও উদ্যোক্তাদের সম্মাননা
এ কে খান :
রাজশাহীতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নগরীর মধুবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ, দেশীয় পণ্যের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব তুলে ধরা হয়। রাজশাহী উদ্যোক্তা মেলার আয়োজক তৌহিদ ফেরদৌস তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতেই তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, তরুণ উদ্যোক্তাদের নিয়ে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে পৃথক তহবিল গঠন এবং স্বল্পসুদে ঋণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা নতুন উদ্যোক্তাদের এগিয়ে যেতে সহায়তা করবে। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের মেলার আয়োজনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার উদ্যোক্তাদের দেশীয় পণ্য উৎপাদন ও বাজার সম্প্রসারণে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অপর বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক বলেন, দেশের উন্নয়ন ও জাতীয় অগ্রগতিতে উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সকল পেশাজীবী, বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গঠনের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। পরিবেশ রক্ষায় মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তাকে অন্তত কয়েকটি করে বৃক্ষরোপণেরও আহ্বান জানান তিনি। মেলায় প্রায় ৬০টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাঁদের উদ্ভাবিত ও দেশীয় বিভিন্ন পণ্য প্রদর্শন এবং বিক্রয় করেন। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দেশীয় শিল্প, হস্তশিল্প, খাদ্যপণ্য, পোশাক, কসমেটিকসসহ নানা ধরনের পণ্যের সমাহারে মেলাটি উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উদ্যোক্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত আয়োজন রাজশাহীতে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেয়ার করুন: