পাবনায় শিশুদের জন্য ‘পিএস ডিজনিল্যান্ড’ ইনডোর প্লে-গ্রাউন্ডের উদ্বোধন

পাবনায় শিশুদের জন্য ‘পিএস ডিজনিল্যান্ড’ ইনডোর প্লে-গ্রাউন্ডের উদ্বোধন
শেয়ার করুন:

পাবনায় শিশুদের জন্য ‘পিএস ডিজনিল্যান্ড’ ইনডোর প্লে-গ্রাউন্ডের উদ্বোধন

এ কে খান, পাবনা ব্যুরো:

চার দেয়ালে বন্দি শৈশব ও মুঠোফোনের অতিরিক্ত ব্যবহার থেকে শিশুদের দূরে রেখে তাদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে পাবনায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ড প্লে-গ্রাউন্ড। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পাবনা শহরের অদূরে গাছপাড়া তিন রাস্তার মোড়ে শিল্পপ্রতিষ্ঠান পিএস গ্রুপের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ বিনোদনকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রায় ১২ হাজার বর্গফুট আয়তনের এ ইনডোর প্লে-গ্রাউন্ডের উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ড. ওমর আলী।
উদ্বোধনের পরপরই শিশুদের উচ্ছ্বাস ও কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো প্লে-গ্রাউন্ড। শিশুদের নিরাপদ ও আনন্দদায়ক বিনোদনের জন্য এখানে রাখা হয়েছে সেফটি ম্যাট, বল পিট, স্লাইডসহ বিভিন্ন আধুনিক খেলার জোন। দক্ষ সুপারভাইজারদের তত্ত্বাবধানে শিশুরা এসব খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ওমর আলী বলেন, যান্ত্রিক জীবন ও নগরজীবনের নানা সীমাবদ্ধতার কারণে শিশুরা পর্যাপ্ত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তাদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ‘পিএস ডিজনিল্যান্ড প্লে-গ্রাউন্ড’ শিশুদের একঘেয়েমি কাটানোর পাশাপাশি সুস্থ ও নিরাপদ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাবনায় শিশুদের জন্য এমন আধুনিক ও নিরাপদ বিনোদনকেন্দ্র চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা। উদ্বোধনী অনুষ্ঠানে আসা রোজিনা পারভীন ও কমেলা খাতুনসহ কয়েকজন অভিভাবক বলেন, পাবনায় শিশুদের নিয়ে নিরাপদে সময় কাটানোর মতো ভালো জায়গার অভাব ছিল। অনেক শিশু দিনের বড় একটি সময় মোবাইল ফোন ও টেলিভিশনে কাটাত। নতুন এই প্লে-গ্রাউন্ডে শিশুরা নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে—এতে তারা আনন্দিত।
পিএস গ্রুপের চেয়ারম্যান জাহিদ হোসাইন পান্না বলেন, যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বন্দি শিশুদের একটু মুক্ত আনন্দ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের পাশাপাশি অভিভাবকদের সুবিধার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। এখানে শিশুদের বিনোদনের পাশাপাশি নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্লে-গ্রাউন্ড কর্তৃপক্ষ জানায়, শিশুদের জন্য প্রবেশ ও বিভিন্ন রাইড উপভোগের প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২০ টাকা এবং অভিভাবকদের জন্য ১২০ টাকা। নির্ধারিত প্যাকেজের আওতায় শিশুরা বিভিন্ন রাইড ও খেলার সুযোগসহ দুই ঘণ্টা খেলাধুলা ও বিনোদনের সুযোগ পাবে।
প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থী ও শিশুদের জন্য ‘পিএস ডিজনিল্যান্ড প্লে-গ্রাউন্ড’ খোলা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, রোটারিয়ান জালাল উদ্দিন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান রাসেল ও রিজভী জয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশনের পাবনা প্রতিনিধি মিজানুর রহমান। উদ্বোধনী আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিশু, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: