বগুড়ায় গাক চক্ষু হাসপাতালে মাসিক সভা অনুষ্ঠিত :
সেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতকরণে গুরুত্বারোপ
এ কে খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ায় গাক চক্ষু হাসপাতালের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়ন, রোগীদের সন্তুষ্টি নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ নভেম্বর বগুড়ার বনানী গাক টাওয়ার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বগুড়ার গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এইচ.এস.এম. রেজাউন্নবী মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ক্যাপস্টোন ফেলো-এনডিসি ড. খন্দকার আলমগীর হোসেন। এ সময় গাক চক্ষু হাসপাতালের উপদেষ্টা ডা. আল মোস্তাকিম বিল্লাহসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স নানা পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের চলমান কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধি, রোগীদের প্রত্যাশা ও সন্তুষ্টি নিশ্চিত করণ, সেবার পরিবেশ আরও উন্নত করা এবং আগামী দিনের কার্যক্রমকে অধিকতর গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি ড. খন্দকার আলমগীর হোসেন হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং রোগীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও রোগীবান্ধব চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় অন্য বক্তারা বলেন, রোগীদের আস্থা ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে চিকিৎসাসেবার মান আরও উন্নত করাই গাক চক্ষু হাসপাতাল’র অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে হাসপাতালের প্রতিটি পর্যায়ে পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। উল্লেখ্য মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে গাক চক্ষু হাসপাতাল।
