পাবনার মানুষের আস্থার প্রতীক এ্যাড. শিমুল বিশ্বাস এমপি

পাবনার মানুষের আস্থার প্রতীক এ্যাড. শিমুল বিশ্বাস এমপি
শেয়ার করুন:
পাবনার মানুষের আস্থার প্রতীক এ্যাড. শিমুল বিশ্বাস এমপি
এ কে খান, পাবনা ব্যুরো :
রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের নয়, মানুষের সেবার অন্যতম মাধ্যম এ বিশ্বাসকে সামনে রেখে জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। দীর্ঘ রাজনৈতিক জীবনে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয়দের ভাষ্য, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান, পারিবারিক বিরোধ, সামাজিক সমস্যা কিংবা বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে প্রতিনিয়ত মানুষ তাঁর শরণাপন্ন হন। প্রায় প্রতি সপ্তাহেই তিনি ঢাকা থেকে পাবনায় এসে নিজ বাসভবনে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের ব্যক্তিগত ও সামাজিক সমস্যা নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসেন। জানা যায়, প্রতিবার তিন থেকে চার ঘণ্টা সময় ব্যয় করে তিনি কয়েক শতাধিক মানুষের অভিযোগ, আবেদন ও সমস্যার কথা শোনেন। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক পরামর্শ ও দিকনির্দেশনার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অনেক সমস্যার সমাধানের উদ্যোগ নেন। স্থানীয়দের মতে, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মধ্যেও সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট সময় বরাদ্ধ রাখার এই ধারাবাহিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করতে তিনি প্রতিষ্ঠা করেছেন এবি ট্রাস্ট। ট্রাস্টটির মাধ্যমে দীর্ঘদিন ধরে অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ, ঈদ ও রমজানে উপহারসামগ্রী প্রদান, নগদ অর্থ সহায়তা, গবাদিপশু বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষা খাতেও এবি ট্রাস্টের কার্যক্রম উল্লেখযোগ্য। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, বই-খাতা ও শিক্ষা উপকরণ বিতরণ, উচ্চশিক্ষায় সহযোগিতা, এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্ব গ্রহণ এবং তথ্যপ্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নেও ট্রাস্টটি সহযোগিতা করে আসছে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশের সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় কমিটি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয়দের মতে, মানবিক মূল্যবোধ, সহজ-সরল জীবনযাপন এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে শিমুল বিশ্বাস পাবনার মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। সচেতন মহলের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।
শেয়ার করুন: