এ কে খান :
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সম্প্রসারণ, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস, আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশন, ব্রাক, ইস্পাহানি চক্ষু হাসপাতাল এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর ওয়েস্টিন হোটেলে ১৬ জুন মঙ্গলবার আয়োজিত একান্ত মতবিনিময় সভায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশনের আঞ্চলিক প্রধান, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি, ইস্পাহানি চক্ষু হাসপাতালের সিও, ব্রাকের ইডি, আইসিডিআরবির চীফ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। তিনি বাংলাদেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টিএমএসএস’র দীর্ঘদিনের কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ডক্টর হোসনে-আরা বেগম বলেন, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে টিএমএসএস সারা দেশব্যাপী বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর কর্মসূচির আওতায় প্রদত্ত সহায়তা দেশের স্বাস্থ্যসেবা, শিক্ষার প্রসার এবং পরিবেশ উন্নয়নমূলক নানা উদ্যোগকে আরও কার্যকর ও ফলপ্রসূ করেছে। তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে বৃহত্তর অংশীদারিত্ব গড়ে তোলা সময়ের দাবি। উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত কার্যক্রম দেশের আর্থসামাজিক অগ্রযাত্রাকে আরও গতিশীল ও বেগবান করবে। সভায় অংশ গ্রহণকারী প্রতিনিধিরা বাংলাদেশের উন্নয়ন খাতে টিএমএসএস’র অবদান, বিশেষ করে নারী উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ক্ষুদ্রঋণ কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। এ সময় ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা, শিশু কল্যাণ, পরিবেশ সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন কর্মসূচিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও নতুন অংশীদারিত্বের সুযোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় অংশ গ্রহণকারীরা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমের পরিধি সম্প্রসারণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সিও, কর্মকর্তা, প্রতিনিধি এবং টিএমএসএস’র নির্বাহী পরিচালের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
