রাজশাহীকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে বৃক্ষরোপণ করা হচ্ছে : আরডিএ চেয়ারম্যান
এ কে খান :
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় রাজশাহীর আরডিএ পার্কে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। রাজশাহী কেন্দ্রিক বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরডিএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং রাজশাহীকে আরও সবুজায়নের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতিবছর পাঁচ হাজার করে আগামী পাঁচ বছরে মোট ২৫ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। নগরীর বিভিন্ন সড়ক, পার্ক, উন্মুক্ত স্থান এবং আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে এসব চারা রোপণ করা হবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে দীর্ঘমেয়াদে রাজশাহীবাসী এর সুফল ভোগ করতে পারেন। ভবিষ্যতে এসব গাছের ফল, ফুল ও ছায়া নগরবাসীর জীবন যাত্রাকে আরও সমৃদ্ধ করবে। আবুল কালাম আজাদ সুইট আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার ধারাবাহিকতায় রাজশাহীতেও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হয়েছে।পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান। নগর উন্নয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আরডিএ চেয়ারম্যান বলেন, রাজশাহীকে পরিকল্পিত ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। কোনোভাবেই অপরিকল্পিত নগরায়ন হতে দেওয়া হবে না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা শাখার সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম হীরক, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. এনামুল হক এম, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মারুফ হোসেন জীবন, শফিকুল ইসলাম শ্যামল, মোঃ জয়নাল আবেদীন, নাইম ইসলাম, মোঃ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোঃ আজিম উদ্দিন সোহাগ ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা আরডিএ পার্কে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপণকরা গাছের নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
