এ কে খান :
দেশের শীর্ষ ও জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলা গ্রহণযোগ্য, বাস্তববাদী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের হৃদয় জয় করে দ্বিতীয় বর্ষ পার করল। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে ১৬ অক্টোবর দুপুরে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূতি উদযাপিত হয়েছে। দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলামের সভাপতিত্বেঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, একুশে টেলিভিশন ও মানবজমিনের প্রতিনিধি রাজিউর রহমান রুমি, পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার ও দৈনিক ইত্তেফাকের পাবনা জেলা প্রতিনিধি রুমি খন্দকার প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, পাবনায় সংবাদপত্রের একটি ঐতিহ্য রয়েছে। এখানে অনেক কীর্তিমান গুণীমান সাংবাদিক ছিলেন। তাঁদের মাধ্যমে জেলাজুড়ে পত্রিকা পাঠক প্রতিষ্ঠা হয়েছে। গুণিজনের লেখালেখিতে সমৃদ্ধ হয়েছে সংবাদপত্র। সেদিক থেকে প্রতিষ্ঠার মাত্র দুই বছরেই দৈনিক কালবেলা ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে। সবার নজর কেড়েছে। দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অল্প সময়েই পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। হলুদ সাংবাদিকতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, একটি কার্ড আর লগো পেলেই সাংবাদিক হয়ে গেছেন এটা ভাবা উচিত নয়। চাঁদাবাজি ও ব্লাকমেইল করে যারা অপ-সাংবাদিকতা করেন তাদের বিরুদ্ধে আগামীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই পেশাকে যারা কলঙ্কিত করেছে তাদের কঠোরভাবে দমন করা দরকার। তাছাড়া এই পেশা এক সময় সংকটে পড়বে। এসব অপ-সাংবাদিকতার জন্য মূল ধারার সাংবাদিকদের বদনাম হচ্ছে। প্রকৃত সাংবাদিকরা কোনঠাসা হচ্ছে। বক্তারা আরও বলেন, অল্প সময়ে কালবেলা পাঠকদের আস্থার জায়গায় পৌঁছেছে। ইতোমধ্যে পত্রিকাটি শীর্ষস্থান দখল করে নিয়েছে। আমরা আশা করি, দৈনিক কালবেলা কালোকে কালো আর সাদাকে সাদা বলবে। সত্য প্রকাশে আপসহীন থাকবে।এ সময় অন্যদের মধ্যে সাংবাদিক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, যমুনা টেলিভিশনের কলিট তালুকদার, ৭১-টিভির মোস্তাফিজুর রহমান রাসেল, সাঁথিয়া প্রতিনিধি মানিক মিয়া রানা, ভাঙ্গুড়া প্রতিনিধি আব্দুর রহিম, ইফতেখার, মোঃ রফিকুল ইসলাম সুইট, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আঃ খালেক খান পিভিএমএস, মোঃ মনিরুজ্জামান শিপন, মিজানুর রহমান, হুসাইন কবীর রাজ, ডাক্তার হেলাল উদ্দীন, গোলাম ফারুক, রফিকুল ইসলাম, সুলভ খান, সুজানগর পৌর সচিব গোলাম নবীসহ পাবনার স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর মোঃ আবুল কালাম আজাদ।
