নীলফামারী জেলায় কলেজ ভিত্তিক ভিডিপি প্রশিক্ষণার্থীদের মধ্যে ৪০০ গাছের চারা বিতরণ

নীলফামারী জেলায় কলেজ ভিত্তিক ভিডিপি প্রশিক্ষণার্থীদের মধ্যে ৪০০ গাছের চারা বিতরণ
শেয়ার করুন:

নীলফামারী জেলায় কলেজ ভিত্তিক ভিডিপি প্রশিক্ষণার্থীদের মধ্যে ৪০০ গাছের চারা বিতরণ

এ কে খান :

সবুজ বাংলাদেশ গড়ে তোলা ও পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে নীলফামারী জেলার ছয়টি উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত কলেজভিত্তিক ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের ৪০০ প্রশিক্ষণার্থীর মধ্যে ৪০০টি বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা কমান্ড্যান্টের উদ্যোগে জেলার ছয়টি উপজেলায় একযোগে অনুষ্ঠিত কলেজ ভিত্তিক ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের বিশেষ সেশনে এসব চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করা হয়।সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, কর্মসূচিটি সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগগুলোর একটি। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডিমলা উপজেলায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের হাতে গাছের চারা তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান, পিভিএম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান, প্রশিক্ষিকা নুরতাজ খাতুন, ইউনিয়ন দলনেতা মো. আবুল কালাম আজাদ সরকার, দলনেত্রী অনামিকা আক্তার বেবি ও আনসার কমান্ডার প্রমূখ। চারা হাতে পেয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রশিক্ষণার্থীরা জানান, প্রশিক্ষণ শেষে নিজ নিজ বাড়িতে ফিরে তাঁরা প্রাপ্ত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করবেন। পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও স্থানীয় জনগণকে বৃক্ষরোপণে উৎসাহিত করবেন। প্রশিক্ষণার্থীদের কয়েকজন বলেন, তাঁদের হাতে একটি করে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে শুধু একটি গাছ রোপণের দায়িত্বই দেওয়া হয়নি, এর সঙ্গে পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার দায়িত্বও অর্পণ করা হয়েছে। একটি ছোট চারা ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়ে ছায়া, ফল ও নির্মল বাতাস দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সম্পৃক্ত করে এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হলে পরিবেশ সচেতনতা আরও বাড়বে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক চেতনা বিকাশে এ উদ্যোগ ভূমিকা রাখবে।নীলফামারীর ছয়টি উপজেলায় একযোগে ৪০০ প্রশিক্ষণার্থীর হাতে ৪০০টি চারা তুলে দেওয়ার এ উদ্যোগকে সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে আনসার-ভিডিপির স্থানীয় পর্যায়ের একটি সমন্বিত কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন: