জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি ও সিলেটের সংসদ সদস্যদের সাথে পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সৌজন্য সাক্ষাৎ : সাংগঠনিক কার্যক্রম, সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়ে মতবিনিময়
আঃ খালেক খান :
জাতীয়তাবাদী পেশাজীবীদের ঐক্যবদ্ধ করা, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করণ দেশ ও সমাজের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি এবং সিলেটের সংসদ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। সম্প্রতি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপির সংসদীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময়ের পাশাপাশি জাতীয়তাবাদী পেশাজীবী দলের চলমান সাংগঠনিক কার্যক্রম, সামাজিক ও মানবিক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে আরিফুল ইসলাম জিয়া সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের দিক নির্দেশনা, পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টায় দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন মহানগর, জেলা, উপজেলা ও অন্যান্য পর্যায়ে কমিটি গঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার দায়িত্বশীল ও সচেতন মানুষকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেবল একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম নয়, বরং পেশাজীবীদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার একটি সম্মিলিত প্রয়াস। পেশাজীবীদের সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মানবিক কর্মকাণ্ড সম্প্রসারণে সংগঠন ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে।
আরিফুল ইসলাম জিয়া বলেন, সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা। পাশাপাশি দেশ গঠন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে পেশাজীবীদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে সামাজিক ও মানবিক কার্যক্রমের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ সময় জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি ও সিলেটের সংসদ সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের বিভিন্ন সাংগঠনিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। সংগঠনের উদ্যোগ ও কার্যক্রমের ইতিবাচক দিকগুলো সম্পর্কে অবহিত হয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং দেশ ও সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে শুভকামনা জানান।
তাঁরা আশা প্রকাশ করেন, জাতীয়তাবাদী পেশাজীবী দল তার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার মাধ্যমে দেশের পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সার্বিক সফলতা, সাংগঠনিক অগ্রগতি এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময়ে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের ভিত্তিতে দেশ, জাতি এবং সাধারণ মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
