জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পাঁচ নেতার নতুন পদায়ন।
আঃ খালেক খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনা ও গতিশীল নেতৃত্বে সংগঠনের সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ড দেশব্যাপী বিস্তৃত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পেশাজীবীদের অংশগ্রহণ বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
নবপদায়নপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন তাসনিম রানা, সহসভাপতি, তিনি অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। মো. জাহিদুল ইসলাম, সহ-আইনবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। মো. আবুল কালাম আজাদ, সহ-আইনবিষয়ক সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আইনজীবী সমিতির সহসভাপতি। এহসানুল হক খান, সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক শ্রমিক দল নেতা এবং মো. খালেকুরজ্জামান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অগ্রণী ব্যাংক পিএলসির ব্যাংকার।
মঙ্গলবার ১৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানী ঢাকার মতিঝিলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে নবপদায়নপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়। এ সময় তারা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সহসভাপতি জসীম উদ্দীন পাটোয়ারী, সহসভাপতি মো. জাকারিয়া হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক এরসাজুল আলম ও মো. মুনির হোসেনসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল তথ্য ও গবেষণা ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সংগঠনটি কোনো ধরনের চাঁদাবাজি বা দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি নবপদায়নপ্রাপ্ত নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই দুর্নীতির সাথে জড়িত হওয়া যাবে না।
নবপদায়নপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও দেশ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ ‘সবার আগে দেশ’ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ও জাতীয়তাবাদী আদর্শের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পদমর্যাদার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
