খুলনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত : প্রতিষ্ঠাবার্ষিকী ও বিপ্লব-সংহতি দিবস উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ

খুলনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত : প্রতিষ্ঠাবার্ষিকী ও বিপ্লব-সংহতি দিবস উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ
শেয়ার করুন:

খুলনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত :
প্রতিষ্ঠাবার্ষিকী ও বিপ্লব-সংহতি দিবস উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার বিশেষ দিকনির্দেশনা ও পরামর্শক্রমে সারা দেশব্যাপী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে খুলনায় সংগঠনটির জেলা কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ অক্টোবর বিকেল ৪টায় খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম মঞ্জুর কাদের মিঠু। সভার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের  খুলনার সভাপতি মোঃ ইফতেহার আলী বাবুর অকাল মৃত্যুতে সভায় শোক প্রকাশ এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার বিষয়ে মহান সৃষ্টিকর্তার কাছে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ। তিনি সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় আগামী ৬ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে খুলনায় বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি মোল্লা মারুফ রশীদ তাঁর বক্তব্যে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে পেশাজীবীদের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। তিনি খুলনার পেশাজীবী দলের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মসূচিতে সহযোগিতা করার আহ্বান জানান। এ ছাড়া আগামী ৫ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা জেলা  কমিটির সিনিয়র সহ সভাপতি মাস্টার মোজাহার আলী, সহ যুগ্ম সম্পাদক এ্যাড.হাবিবুর রহমান মালি, এ্যাড.মন্জুরুল আলম নান্নু, সাংগঠনিক সম্পাদক জুবায়ের মোর্শেদ, ট্রেজারার হানিদুর রহমান ময়না, প্রচার সম্পাদক এনামুল হক বুলবুল সহ
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালন ও পরিচালনা করেন মোঃ তৌহিদুল ইসলাম শিমুল।

শেয়ার করুন: