পাবনায় জোবেদা বেগম ডিগ্রি কলেজে শিক্ষকসহ ৩ জনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
এ কে খান :
পাবনার বেড়া উপজেলার মাশুন্দিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজের একজন শিক্ষকসহ তিনজনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মময় জীবনের স্মৃতিচারণ এবং তাঁদের অবদানের কথা তুলে ধরা হয়।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু বিদায়ীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে বিদায়ী শিক্ষক ও কর্মকর্তারা কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের সঙ্গে দীর্ঘদিনের পথচলার নানা স্মৃতিও তিনি স্মরণ করেন। কলেজের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁদের ইতিবাচক চিন্তা, চেতনা ও সহযোগিতার কথাও তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সদস্য শহীদুল ইসলাম চৌধুরী, কাজী মাসুদ ও মজিবর রহমান প্রমুখ। বিদায়ী ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক অতুল কুমার বিশ্বাস, সহকারী লাইব্রেরিয়ান খন্দকার মোনায়েম হোসেন ও হিসাব কর্মকর্তা শ্রী জগদীশ চন্দ্র। কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মো. আবু সামা এবং সহকারী অধ্যাপক মনজুর রহমান প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মো. আঃ হান্নান ও মোছা. কালিকা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আব্দুস সামাদ আজাদী ও প্রভাষক জেসমিন আক্তার।সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী অধ্যাপক শামসুন্নাহার, আরিফুল ইসলাম ও প্রভাষক আবুল হোসেনসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী,গভর্নিং বডির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে কলেজের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ তিন বিদায়ী ব্যক্তিকে নগদ অর্থ, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
