শামসুলহুদা ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

শামসুলহুদা ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 
শেয়ার করুন:

শামসুলহুদা ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 
এ কে খান :
পাবনা জেলার টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি অনার্স কলেজের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি সাধারণ ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আন্তরিক বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৯ জুন কলেজের সভা কক্ষে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফ শহীদুল হক রুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কলেজের সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান বাবু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসই জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক বাবুল আক্তার, সহকারী অধ্যাপক সাইফুদ্দিন খান ও মোঃ লিমন আমির, আব্দুর রাজ্জাক, আসলাম হোসেন ও মামুন হোসেন প্রমূখ। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়, একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার অন্যতম মাধ্যম। তারা পরীক্ষার্থীদের সফলতা কামনা করে শুভেচ্ছা জানান এবং কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক এস. এম. আইয়ুব, পাপিয়া শবনম ও সাজ্জাদ। সঞ্চালকদের উপস্থাপনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মুগ্ধ করে। আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানটি শিক্ষার্থীদের স্মৃতির পাতায় দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবি এবং মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: