বগুড়ায় গাক চক্ষু হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
এ কে খান :
বগুড়ায় বিশ্ব দৃষ্টি দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর স্বাস্থ্য বিভাগের আওতাধীন গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে ‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্য সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বগুড়া শহরের বনানীতে অবস্থিত গাক টাওয়ার কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে চোখের যত্ন, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং নিয়মিত চক্ষু পরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডা. হাসান শহীদ মো. রেজাউন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকের উপপরিচালক মোহাম্মদ আরমান হোসেন ও সহকারী পরিচালক মো. জিয়াউদ্দিন সরদার। কর্মসূচিটি গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এবং সমন্বিত ছানি চিকিৎসাসেবা প্রকল্পের (সিসিএসপি) আওতায় আন্তর্জাতিক সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চোখের সুস্থতা রক্ষায় নিয়মিত চক্ষু পরীক্ষা, দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং চোখের রোগ প্রতিরোধে সচেতন থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আয়োজকেরা বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। অবহেলা ও অসচেতনতার কারণে অনেক ক্ষেত্রে দৃষ্টিশক্তির সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। তাই চোখের সুস্থতা বজায় রাখতে নিয়মিত পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। বিশ্ব দৃষ্টি দিবসের মূল বার্তা ‘আপনার চোখকে ভালোবাসুন, চোখের যত্ন নিন’ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দৃষ্টিশক্তি সুরক্ষা এবং মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
