রাজশাহী রেঞ্জ কমান্ডারের বাঘায় সঞ্জীবন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
এ কে খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, পিএইচডি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উদ্যোগে প্রনীত রাজশাহী জেলার বাঘা উপজেলায় বাস্তবায়নাধীন সঞ্জীবন পাইলট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার ২৫ জুন তিনি প্রকল্পের আওতাধীন প্লাটুন সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় সদস্যদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন সম্ভাবনাময় আয়বর্ধক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় গাভী পালন, ভার্মি কম্পোস্ট উৎপাদন, দুগ্ধজাত পণ্য ও ঘি প্রস্তুতকরণ, সমন্বিত মাছ ও হাঁস চাষ, হলুদ ও মরিচ গুঁড়া প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করণ, সরিষার তেল উৎপাদন ও বাজারজাতকরণের নানা উদ্যোগের সম্ভাবনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। রেঞ্জ কমান্ডার সদস্যদের বিভিন্ন প্রস্তাব মনোযোগ সহকারে পর্যালোচনা করে বাস্তবসম্মত, টেকসই ও লাভজনক প্রকল্প গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দায়িত্ব শীলতা, স্বচ্ছতা, জবাব দিহিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সঞ্জীবন প্রকল্পকে একটি সফল ও অনুসরণযোগ্য মডেলে পরিণত করা সম্ভব। তিনি আরও বলেন, মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর প্রনীত সঞ্জীবন প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পরে রেঞ্জ কমান্ডার বাঘা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জনমুখী করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন ও মতবিনিময় সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট, বাঘা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
