পাবনায় মাদক ও অপরাধ দমনে ডিবি পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান
এ কে খান :
জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে পাবনায় বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার ১৩ জুন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলামের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি বিশেষ টিম এ কার্যক্রম পরিচালনা করে। অপরাধ দমন, মাদক নির্মূল এবং কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। অভিযান চলাকালে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট স্থাপন করে সন্দেহ ভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। একই সঙ্গে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধে বিভিন্ন প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং অপরাধমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও বদ্ধপরিকর। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জেলা পুলিশের এ বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, নিয়মিত চেকপোস্ট ও তদারকি কার্যক্রম অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনমনে নিরাপত্তাবোধ আরও জোরদার করবে।
পাবনায় মাদক ও অপরাধ দমনে ডিবি পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান
