রাজশাহীতে পেশাজীবী দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

রাজশাহীতে পেশাজীবী দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল
শেয়ার করুন:
রাজশাহীতে পেশাজীবী দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনায় রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং দেশের উন্নয়নে বৃক্ষের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন’র চেয়ারম্যান, রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।সবুজায়নের মাধ্যমে আমরা একটি সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। তিনি বৃক্ষরোপণ কর্মসূচিকে পরিবেশ রক্ষায় একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, রাজশাহীকে আরও সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করতে বেশি করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল কর্মসূচিটি সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন হয়। কর্মসূচি থেকে পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ সময় নেতাকর্মীরা প্রত্যয় ব্যক্ত করেন সবুজ হোক রাজশাহী, সমৃদ্ধ হোক বাংলাদেশ।

শেয়ার করুন: