জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নির্যাতনের শিকার ছাত্রদল নেতাকর্মীদের উপর হওয়া নিপীড়নের সঠিক বিচার দাবি করে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতাকর্মীসহ গুম ও নির্যাতনের শিকার সকল ব্যক্তির মুক্তি এবং ক্ষমতাসীন সরকারের অধীনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবি জানান।
বক্তারা আওয়ামী লীগ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়ন, গুম, এবং হত্যার নিন্দা জানিয়ে মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা দাবি করেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ছাত্রদল নেতা জাকির বলেন, “আজকের এই কর্মসূচি শুধু বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নয়, বরং বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার আন্দোলনে আমাদের দৃঢ় অবস্থান প্রকাশ করছে। আমরা গুম, নির্যাতন ও হত্যার শিকার সকলের মুক্তি চাই এবং এর জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে চাই।”
আরেক নেতা আবিদুর রহমান বলেন, “এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি ন্যায়বিচারের সংগ্রাম। আমরা আশা করি, পৃথিবীর প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, এবং আমাদের এই উদ্যোগ সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
অনুষ্ঠানে জাবি শাখা ছাত্রদলের আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যারা নিজেদের বক্তব্যের মাধ্যমে এ দাবিগুলো তুলে ধরেন।
জাবিতে ছাত্রদলের মানববন্ধন: নির্যাতন ও নিপীড়নের সঠিক বিচার নিশ্চিতের দাবি
