এ কে খান :
পাবনায় শিশু-কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলার নতুন কিশোর কন্ঠ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১৫ নভেম্বর শুক্রবার মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের আওতায় পাবনা জেলার ৯টি উপজেলায় ১২টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১০ হাজার শিক্ষার্থী এ পরীক্ষা অংশ গ্রহণ করে। শিক্ষার প্রাথমিক স্তরের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং মাধ্যমিক স্তরের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণি শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণী উপযোগী পৃথক পৃথক প্রশ্নের মাধ্যমে এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ২-ঘন্টা ব্যাপী বহু নির্বাচনী ও সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে পরীক্ষা গ্রহণের পরিবেশ ও পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণ বিষয়ক সমন্বয়ক সাইফুজ্জামান খান। তিনি ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এমন পরীক্ষা পদ্ধতি চালুর ফলে সকল শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা মূলক স্বভাব বৃদ্ধি পাবে, পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হবে। এ ধরনের উদ্যোগকে অভিভাবকদের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
কিশোর কন্ঠ মেধা পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ মুবাশ্বিরুল হক জানান, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি মেধা বিকাশে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম হলো মেধা পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণে প্রতিযোগিতামূলক স্পৃহা বৃদ্ধি পাবে, পাঠভ্যাস গড়ে উঠবে, সমাজে কিশোর অপরাধ হ্রাস পাবার পাশাপাশি শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। তিনি বলেন শিক্ষার্থীদের সুষ্ঠু মেধা বিকাশে আমরা আগামীতে অধিকতর গ্রহণীয় পদক্ষেপ গ্রহণ করব।
এ পরীক্ষা সমাজের শিক্ষাবিদ, সাহিত্যিক, আইনজীবী, চিকিৎসক, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ পরিদর্শন করেন। পরীক্ষায় সকল উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি ও কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়।
