
বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দূর্গম এলাকায় বেসামরিক প্রশাসনের অনুরোধ ক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ৩শত ৬০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য সরকারী ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে।
বর্তমানে করোনা ভাইরাস এর বর্তমান পরিস্থিতিতে দেশের দরিদ্র্য জনগোষ্ঠী বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর এবং প্রান্তিক জনগণ যেন খাদ্যসংকটে না পড়ে সে উদ্দেশ্যে সরকার ইতিমধ্যে দেশের প্রতিটি জেলায় দূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে, এরই ধারাবাহিকতায় বান্দরবান পার্বত্য জেলাতেও সরকারের ত্রাণ সামগ্রী এসে পৌঁছায়।
সুত্রে জানা যায়, বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলার কয়েকটি ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারী ঐ সমস্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছিলো না। এর প্রেক্ষিতে, জেলা প্রশাসন এবং পার্বত্য জেলা পরিষদ ঐ সমস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেয়ার জন্য বান্দরবান সেনা রিজিয়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট সহযোগিতা কামনা করে, তার প্রেক্ষিতে সেনাবাহিনী তাৎক্ষনিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
