
কিছু সাংবাদিককে ‘কুলাঙ্গার’ উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদ বিন আমিন বিপ্লব।সম্প্রতি বেড়া উপজেলার একটি মডেল হাইস্কুলের শিক্ষকদের জুতা পায়ে ফটোসেশন করার সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ায় তিনি ফেসবুকে কিছু সাংবাদিককে ‘কুলাঙ্গার’ বলে ফেসবুকে মন্তব্য করেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বেড়া উপজেলার নগরবাড়ি হরিণাথপুর এসইএসডিপি মডেল হাইস্কুলের ১২ জন শিক্ষক গত ৩ ফেব্রুয়ারি জুতা পায়ে শহীদ মিনারের বেদির ওপরে দাঁড়িয়ে ফটোসেশন করেন। এদের মধ্যে কে এম হাবিব নামের এক শিক্ষক তার নিজের ফেসবুক আইডিতে ছবিগুলি আপলোডও করেন। বিষয়টি সাংবাদিকদের গোচরে আসলে তারা একটি মডেল হাইস্কুলের শিক্ষকদের এমন কাণ্ডজ্ঞানহীন কাজ ও শহীদ মিনার অবমাননার বিষয়ে সংবাদ প্রকাশ করেন।
গত ৭ ফেব্রুয়ারি নিজের ফেসবুক আইডিতে ঢাকার একটি ঘটনা উল্লেখ করে পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদ বিন আমিন বিপ্লব কিছু সাংবাদিককে ‘কুলাঙ্গার’ বলে মন্তব্য লেখেন। এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। তারা এ কলেজ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
