ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি উন্নয়ন কর প্রদান ব্যবস্থায় জাতীয় পরিচয় নম্বর ব্যবহার করে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদান করার অপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগিরই ভূমি মালিকরা তাঁদের এনআইডি নম্বর ব্যবহার করে সরাসরি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। গতকাল ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়- গত ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ভূমি উন্নয়ন কর সিস্টেম সাময়িক বন্ধ রাখার পর ২৫ এপ্রিল থেকে পুনরায় চালু করা হয়েছে। রক্ষণাবেক্ষণের সময় ৪ কোটি হোল্ডিংয়ের দাবি ক্যালকুলেশন এবং ভূমি উন্নয়ন কর সিস্টেমে নতুন বাংলা বছরের ‘১৪২৯’ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে। এ ছাড়া, ১৪২৮ সাল পর্যন্ত দাবি আদায় হয়েছে এমন হোল্ডিংগুলোতে সর্বশেষ সাল ১৪২৯ সংযুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর গত ৫ জানুয়ারি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ১৬১২২ নম্বরে কল করেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সেবা কার্যক্রম উদ্বোধন করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- চালু হতে যাওয়া এনআইডি নম্বর দিয়ে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদানের ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে, মূল ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় জমির মালিকের প্রোফাইলে না ঢুকেই জমির মালিকের নিবন্ধিত ও হোল্ডিং এন্ট্রি সম্পন্নকৃত জমির ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে। অর্থাৎ যে কোনো ব্যক্তি ভূমি উন্নয়ন কর অপরের পক্ষেও দিতে পারবেন। এই ব্যবস্থা অতি কর্মব্যস্ত মানুষের জন্য সুবিধাজনক হবে। তবে সম্পদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাখিলা যেন কেবল জমির মূল মালিক গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করা হবে।
অনান্য খবর
দুবাইয়ে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল
উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করার লক্ষ্যে দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী বাংলাদেশিদের ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’…
নিহতের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা বিএম ডিপোর
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। এছাড়া দুর্ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ…
আল-আকসা মসজিদে হামলার নিন্দা প্রধানমন্ত্রীর
জেরুজালেমে মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসা প্রাঙ্গণে সম্প্রতি ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের…
