সুনামগঞ্জে আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন রেঞ্জ কমান্ডার শাহ আহমদ ফজলে রাব্বী
আঃ খালেক খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম, এনডিসি সুনামগঞ্জ জেলার সদর ও তাহিরপুর উপজেলা সফর করেছেন। মঙ্গলবার ১৭ নভেম্বর সফরকালে তিনি কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন, প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিশেষ ক্লাস পরিচালনা এবং আনসার গার্ডের নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় সুনামগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম উপস্থিত ছিলেন।
সফরের অংশ হিসেবে রেঞ্জ কমান্ডার সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ডিগ্রি কলেজ এবং তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীন ডিগ্রি কলেজে পরিচালিত কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উপস্থিতি, প্রশিক্ষণের পরিবেশ, পাঠদান কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। প্রশিক্ষণের গুণগত মান বজায় রাখা এবং প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি উভয় প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দুটি বিশেষ ক্লাস পরিচালনা করেন। ক্লাসে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস, পরিচিতি, সাংগঠনিক কাঠামো, লক্ষ্য ও উদ্দেশ্য, ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে সদস্যদের প্রোফাইল হালনাগাদ, ব্যাংক হিসাব খোলা, আর্থিক অন্তর্ভুক্তি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সুযোগ-সম্ভাবনা তুলে ধরেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা নিজ নিজ এলাকায় কাজে লাগিয়ে সামাজিক উন্নয়ন, জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
পরবর্তীতে রেঞ্জ কমান্ডার সুনামগঞ্জ সদর উপজেলার বাফার গুদামে নিয়োজিত আনসার গার্ডের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সাথে মতবিনিময় করে তাদের উপস্থিতি, দায়িত্ব পালনের অবস্থা, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য তিনি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সফরকালে রেঞ্জ কমান্ডার প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নের পাশাপাশি বাহিনীর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, সদস্যদের দক্ষতা উন্নয়ন, জনসম্পৃক্ততা জোরদার এবং সঞ্জীবন প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, রেঞ্জ কমান্ডারের এ সফর, প্রশিক্ষণার্থীদের সাথে সরাসরি মতবিনিময় এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা সুনামগঞ্জ জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ, প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমের মানোন্নয়ন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে কর্মোদ্দীপনা ও পেশাদারিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
