ঢাকায় যানজট নিরসনে সম্ভাব্য বাস টার্মিনাল ও ডিপো স্থান পরিদর্শনে এমপি শিমুল বিশ্বাস
এ কে খান :
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন ও গণপরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে সম্ভাব্য বাস টার্মিনাল ও ডিপো স্থানান্তরের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। বুধবার ১ জুলাই বিকেল ৩টা থেকে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পরিবহন খাতের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।পরিদর্শনকৃত স্থানগুলোর মধ্যে ছিল পূর্বাচলের ৩ ও ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল, চুনকুটিয়া জেলখানা বিপরীতে বাঘাইর, তেঘরিয়া আন্ডারপাস, হাসনাবাদ ইকুরিয়া, কাঁচপুর এবং ফুলবাড়িয়া এলাকা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বিপিএম-সেবা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমান, বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মুহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মো. আনিছুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম. এ. বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন খান, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হানিফ, সাবেক চেয়ারম্যান ফারুক তালুকদার সোহেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন খাতের প্রতিনিধি প্রমূখ।পরিদর্শনকালে সংশ্লিষ্ট এলাকাগুলোর বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে বাস টার্মিনাল ও ডিপো স্থাপনের সম্ভাব্যতা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পরিকল্পিতভাবে বাস টার্মিনাল ও ডিপো স্থানান্তরের উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর যানজট কমানোর পাশাপাশি নগরবাসীর যাতায়াত ব্যবস্থা আরও গতিশীল ও নিরাপদ হবে।
