বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের অগ্রযাত্রাকে বেগবান করতে শীর্ষ নেতৃত্বের জরুরি বৈঠক
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের শীর্ষ নেতৃত্বের সমন্বয়ে এক জরুরি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিপ্লবী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম রাসেল এবং সহ-সভাপতি এস এম মিজানুর রহমান অহিদ। বৈঠক শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধ রাখা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শৃঙ্খলা জোরদার করাই এখন তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, একটি সুশৃঙ্খল ও শক্তিশালী আদর্শিক দল গড়ে তোলার মূল চাবিকাঠি হলো শীর্ষ নেতৃত্বের ইস্পাতকঠিন একতা ও দূরদর্শী সিদ্ধান্ত। আজকের বৈঠকে দলের আগামী দিনের রাজপথের কর্মসূচির রূপরেখা নিয়ে অত্যন্ত সুনির্দিষ্ট ও জরুরি কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।তিনি আরও উল্লেখ করেন, বিএনপির চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বার্তা দেশের প্রতিটি প্রান্তে ও সর্বস্তরের পেশাজীবী মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই যৌথ নেতৃত্ব আরও কার্যকর ভূমিকা পালন করবে।নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে ধারণ করে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পেশাজীবী দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। বৈঠকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণের জন্য সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম রাসেল ও সহ-সভাপতি এস এম মিজানুর রহমান অহিদকে ধন্যবাদ জানান সভাপতি। একই সাথে তিনি সংগঠনের সব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।
