এ কে খান :
বগুড়া: দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট’র আওতায় ৫০ জন উদ্যোক্তার মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডানিডা এবং পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত এই প্রকল্পের নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের অধীনে ২৭ জুন বৃহস্পতিবার বগুড়ার বনানীর গাক’র কনফারেন্স হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাকের সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম প্রধান অতিথি হিসেবে উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় তিনি দেশের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং গাক সবসময় নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রকল্পের আওতায় প্রদত্ত প্রশিক্ষণের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বুস্টিংয়ের জন্য এই অনুদান উদ্যোক্তাদের পণ্যের প্রচারে এবং বিক্রয় বৃদ্ধিতে সহায়ক হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে গাকের সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার ও প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য দেন। এ সময় গাকের উর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, সুবিধা ভোগী সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ, এমজিও কর্মী, প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
