পাবনা চেম্বারের উদ্যোগে ৫ হাজার মানুষের কর্মসংস্থান : বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের
এ কে খান, পাবনা ব্যুরো :
পাবনা, রবিবার : দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে আরও সক্রিয় ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি উপযুক্ত কথাগুলি বলেন। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের উন্নত দেশগুলোতে সরকারি খাতের চেয়ে বেসরকারি খাতই উন্নয়ন ও কর্মসংস্থানে অধিক ভূমিকা রাখছে। এ সময় চেম্বারের পরিচালক মো. হারুন উর রশিদ জেলা প্রশাসককে জানান, চেম্বারের উদ্যোগে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে। জেলা প্রশাসক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। চেম্বারের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ফোরকান রেজা বাদশা বিশ্বাস বলেন, পাবনার ব্যবসায়ীরা নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি সরকারি নীতিমালা বাস্তবায়ন ও অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে নজরদারি অব্যাহত রয়েছে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাস্সুম পাবনা চেম্বারের পরিচালক একেএম মুসা, পরিচালক শেখ রতন, পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান, পরিচালক এবিএম ফজলুর রহমান, পরিচালক তাজ উদ্দীন মিলন, পরিচালক মাহমুদ হাসান জাহাঙ্গীর, পরিচালক মো. সাইফুল আলম লিটন, পরিচালক এ এইচ রেজুয়ান জুয়েল পরিচালক অলিউল ইসলাম ও পাবনা চেম্বারের সচিব মো. আব্দুর রাজ্জাক প্রমূখ।
পাবনা চেম্বারের উদ্যোগে ৫ হাজার মানুষের কর্মসংস্থান : বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের
