
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সকল রুটে আগামী ২৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে কুষ্টিয়া রাইফেল ক্লাবে এক জরুরি সভায় এ ধর্মঘটের ডাক দেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড এঙ্গেল, বাম্পার ও হুক অপসারণের সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের আয়োজনে জরুরি সভায় জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবদুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।
জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ সাহার সার্বিক পরিচালনায় সভায় উত্তরবঙ্গ ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সামসুর রহমান খান মানিক, দক্ষিণ-পশ্চিম অঞ্চল (২১ জেলা) পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুর রহিম বক্স দুদু, যুগ্ম আহবায়ক এম জেনারেল ইসলাম, শেখ অহিদুল ইসলাম, নুরুল হক লিপন, কাজী সরওয়ার হোসেন, আলহাজ ফরিদ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহ-সভাপতি আবদুল মান্নান মন্ডল, উত্তরবঙ্গ ট্রাক ট্রাংকলরী কা

ভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি সাদরুল ইসলাম, খুলনা জেলা ট্রাক ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি মোড়ল আব্দুস সোবহান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী ২২ জানুয়ারির মধ্যে ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড এঙ্গেল, বাম্পার ও হুক সংক্রান্ত অপসারণ সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবি আদায় না হলে ২৩ জানুয়ারি ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান, পিকআপসহ সকল পন্যবাহীযান ধর্মঘট পালন করবে।
