
পাবনার আটঘরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এঘটনায় পুলিশ একটি প্রাইভেটকার ও অস্ত্র উদ্ধার করেছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রামে এঘটনা ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) শামীমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় আসামি ধরতে যায় আটঘরিয়া থানা পুলিশ। ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে পুলিশ পৌঁছামাত্র একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হয়। এসময় পুলিশ প্রাইভেটকারে থাকা মানুষদের চ্যালেঞ্জ করে। সাথে সাথে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি করে। এতে এসআই মনির ও এসআই তোফাজ্জল হোসেন আহত হন। পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে প্রাইভেটকার ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে এবং কারের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
তবে তিনি কি অস্ত্র বা অস্ত্রের সংখ্যা নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, আহত ২ পুলিশ কর্মকর্তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যদের পাঠানো হয়েছে।
