দুর্গাপূজায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দলনেতা-দলনেত্রীদের প্রতি দিকনির্দেশনা::রংপুরে আনসার-ভিডিপি

রংপুরে আনসার-ভিডিপি
শেয়ার করুন:

রংপুরে আনসার-ভিডিপির মাসিক সভা অনুষ্ঠিত :
দুর্গাপূজায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দলনেতা-দলনেত্রীদের প্রতি দিকনির্দেশনা

বিশেষ প্রতিনিধি :

রংপুর সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আনসার-ভিডিপির দলনেতা ও দলনেত্রীদের প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ৬ অক্টোবর রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কমান্ড্যান্ট মো. শহীদুল ইসলাম ও সহকারী জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান।
রংপুর সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো. নুরুজ্জামান শাহিন, প্রশিক্ষিকা জান্নাত আরা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলপতি, দলনেত্রীসহ আনসার-ভিডিপির সদস্যরা। সভার শুরুতেই প্রধান অতিথি দলপতি ও দলনেত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপে দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার-ভিডিপি সদস্যদের করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তিনি দলপতি ও দলনেত্রীদের নিজ নিজ এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সময়মতো উপস্থিতি নিশ্চিত এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার নির্দেশ দেন। এ ছাড়া পূজামণ্ডপে আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের নিরাপদ চলাচলে সহযোগিতা, ভিড় নিয়ন্ত্রণ, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু সম্পর্কে সতর্ক থাকা এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। প্রধান অতিথি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে হবে। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যাচাই করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।সভায় রংপুর সদর উপজেলা আনসার-ভিডিপির মাসিক কার্যক্রম পর্যালোচনা, সদস্যদের প্রশিক্ষণ, শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় পর্যায়ে বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে দেশের শান্তি, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন: